গণভোট কী? কেন দেবেন? হ্যাঁ বা না ভোট দিলে কী হবে?

প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৬

গণভোট কী? হ্যাঁ বা না ভোট দিলে কী হবে?

স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই আয়োজিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক গণভোট। এই গণভোট মূলত দেশের শাসনতান্ত্রিক কাঠামো আমূল বদলে দেওয়ার এক প্রস্তাব।

অনেকের মনেই প্রশ্ন এই গণভোটে কেন ভোট দেব? 'হ্যাঁ' বা 'না' ভোট দিলে আসলে কী পরিবর্তন আসবে? আপনার সিদ্ধান্ত সহজ করতে আজকের ব্লগে আমরা বিস্তারিত আলোচনা করব।

গণভোট কি?

গণভোট হলো এমন একটি ভোটিং প্রক্রিয়া, যেখানে কোনও প্রার্থী নির্বাচন করা হয় না। এই প্রক্রিয়ায় ভোটাররা নির্দিষ্ট কোনো প্রস্তাব বা নীতির পক্ষে বা বিপক্ষে ভোট দেন, সাধারণত "হ্যাঁ" বা "না" ভোটের মাধ্যমে। গণভোট সাধারণত রাষ্ট্র পরিচালনা বা গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয়।

গণভোট ২০২৬ কেন হচ্ছে?

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, তাকে আইনি ও সাংবিধানিক রূপ দিতেই এই গণভোট। এর মূল উদ্দেশ্য হলো রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণে জনগণের সরাসরি রায় নেওয়া। বিশেষ করে 'জুলাই জাতীয় সনদ ২০২৫' এর আওতায় প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন।

'হ্যাঁ' ভোট দিলে কী কী পরিবর্তন আসবে?

ব্যালট পেপারে 'হ্যাঁ' ভোট দেওয়ার অর্থ হলো আপনি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলোকে সমর্থন করছেন। এতে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে:

১. প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্ধারণ

কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর (বা দুই মেয়াদ) দায়িত্ব পালন করতে পারবেন। এর ফলে ক্ষমতার দীর্ঘমেয়াদী কেন্দ্রীকরণ ও স্বৈরতন্ত্রের পথ বন্ধ হবে।

২. দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (Bicameral Parliament)

বর্তমানে বাংলাদেশে এককক্ষবিশিষ্ট সংসদ চালু রয়েছে। 'হ্যাঁ' জয়যুক্ত হলে সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে। যেকোনো বিল আইনে পরিণত করতে হলে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষেরও অনুমোদন লাগবে, যা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে।

৩. বিরোধী দলের ক্ষমতায়ন

সংসদীয় গণতন্ত্রকে প্রাণবন্ত করতে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এছাড়া গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি হিসেবেও বিরোধী দলীয় সদস্যরা দায়িত্ব পাবেন।

৪. মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট

ডিজিটাল যুগে মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করে নাগরিক অধিকার খর্ব করতে পারবে না।

৫. রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগ

বর্তমানে রাষ্ট্রপতি চাইলে যেকোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন। তবে সংস্কার প্রস্তাব অনুযায়ী, ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। পাশাপাশি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং উপজেলা পর্যায়ে বিচার প্রাপ্তি সহজ হবে।

৬. ভাষার সাংবিধানিক স্বীকৃতি

রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে।

'না' ভোট দিলে কী হবে?

আপনি যদি মনে করেন বর্তমান শাসন কাঠামোই সঠিক বা সংস্কারের প্রয়োজন নেই, তবে 'না' ভোট দিতে পারেন। 'না' ভোট জয়যুক্ত হলে:

  • প্রস্তাবিত কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না।
  • দেশের শাসন কাঠামো এবং সাংবিধানিক ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে।
  • ক্ষমতার ভারসাম্য বা প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা কার্যকর হবে না।

শেষ কথা

এই গণভোট কেবল একটি ভোট নয়, বরং আগামী প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ চান তা নির্ধারণের সুযোগ। আপনি যদি চান ভবিষ্যতে কোনো দল যেন সব ক্ষমতা কুক্ষিগত করতে না পারে এবং প্রতিটি সিদ্ধান্তে জনগণের অংশীদারিত্ব থাকুক, তবে এই গণভোট হ্যাঁ ভোট দিতে হবে। আর না ভোট দিলে কনো সংস্কারই বাস্তবায়ন হবে না।

Labels: শিক্ষা